স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণপদযাত্রা
- আপডেট সময় : ০৫:২৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 159
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হয়েছে। “ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ” ব্যানারে আয়োজিত এই পদযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণরা অংশ নিয়েছেন।
বেলা আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ গণপদযাত্রা শুরু হয়ে টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায়। বেলা তিনটার দিকে শিক্ষা ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের আটকে দেয়। এ সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী-তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। আন্দোলনকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেললেও পুলিশের বাধার মুখে সামনে সচিবালয়ের দিকে এগুতে পারেনি। পরে রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে বেলা সোয়া ২টার দিকে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে ‘পুরুষের ক্ষমতা, ভেঙে হোক সমতা’, ‘নারী থেকে নারীতে, ছুঁয়ে যাক প্রতিবাদ’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।
শহীদ মিনারে সমবেত হয়ে তরুণ ও শিক্ষার্থীরা কর্মসূচির মূল ব্যানার ও বিভিন্ন পোস্টার-প্ল্যাকার্ড লিখেন। এসব পোস্টার-প্ল্যাকার্ডে ‘পাহাড় থেকে সমতল, সকল ধর্ষণের বিচার চাই’, ‘বিচারহীনতার সংস্কৃতি, ধর্ষণের রাজনীতি’,‘আমরা জন্ম থেকে শহীদ’, ‘তনু ধর্ষণ ও হত্যার বিচার কই’—ইত্যাদি প্রতিবাদী স্লোগান লেখা হয়।
পদযাত্রায় আন্দোলনকারী ও শিক্ষার্থীরা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। উপদেষ্টার নেতৃত্বে থাকা পুলিশও নির্লিপ্ত। এ অবস্থায় নারীরা অনিরাপদ। তাই তারা চান স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। গণঅভ্যুত্থানের পর যেমন বাংলাদেশ আশা করা হয়েছিল, তেমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। তাই তারা রাজপথে নেমেছেন।


























