ইরানের পাল্টা জবাব: ইসরাইলে শতাধিক ড্রোন হামলা, তেহরানে বোমার বিস্ফোরণ
- আপডেট সময় : ১২:২৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / 389
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। শুক্রবার (১৩ জুন) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন নিশ্চিত করেছেন, গত কয়েক ঘণ্টায় ইসরাইল লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে তেহরান।
তিনি জানান, “আমাদের প্রতিটি পদক্ষেপ ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে নেওয়া হয়েছে।”
এর আগে একই দিন ভোরে, ইসরাইল ‘রাইজিং লায়ন’ নামক অপারেশনের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। বিবিসি ও ইরানি সংবাদমাধ্যম জানায়, নাতাঞ্জে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল। ইরানের বিভিন্ন সামরিক কমান্ড সেন্টার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিতেও ইসরাইল আঘাত হানে। এর জেরে দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করে ইরান।
নাতাঞ্জ শহরের বাসিন্দারা জানান, পারমাণবিক স্থাপনার কাছাকাছি একাধিক বিস্ফোরণের শব্দ তারা শুনেছেন। একইসঙ্গে, তেহরানের আকাশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ বলেন, “ইরানের পারমাণবিক বোমা নির্মাণ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম ঠেকাতেই আমাদের আগাম হামলার সিদ্ধান্ত।”
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, “আমরা ইতিহাসের একটি নির্ণায়ক সময়ে দাঁড়িয়ে। এই অভিযান চলবে এবং এর লক্ষ্য হলো ইরানের সামরিক পরিকাঠামো ধ্বংস করা।”
এদিকে, যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, তারা এই হামলার সঙ্গে জড়িত নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “ইসরাইল একতরফাভাবে পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র কেবল নিজের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই সচেষ্ট।”
এই উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের।


























