লন্ডনে ড. ইউনূস-তারেক বৈঠক সফল: ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন চূড়ান্ত!
- আপডেট সময় : ০১:০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / 282
দেশের রাজনীতির দিগন্তে জমে থাকা অনিশ্চয়তার কালোমেঘ কেটেছে। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকে জাতীয় নির্বাচনের বিষয়ে ঐক্যমত গড়ে উঠেছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতার মধ্যে গোপনীয়, নির্ভরযোগ্য ও ফলপ্রসূ আলোচনা হয়। তারেক রহমান রমজানের আগে ১০ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। জবাবে ড. ইউনূস জানান, প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে রমজান শুরুর আগের সপ্তাহেই ভোট অনুষ্ঠিত হতে পারে।
বৈঠকের পর প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জানান, শিগগিরই নির্বাচন কমিশন ভোটের নির্ধারিত তারিখ ঘোষণা করবে। ক্যালেন্ডার অনুসারে, ১৭ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে। সে অনুযায়ী, সম্ভাব্য ভোটের তারিখ হতে পারে ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার।
বিশেষজ্ঞদের মতে, রমজান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা, তীব্র গরম এবং প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় ফেব্রুয়ারি হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার মূল নেতৃত্বের মধ্যে সরাসরি আলোচনা হওয়ায় সমাধানে গতি এসেছে।
বৈঠকে অংশগ্রহণের পর ড. ইউনূস ও তারেক রহমান যৌথ বিবৃতি ও সংবাদ সম্মেলনে জানান, তাঁরা শুধু নির্বাচনের আগেই নয়, নির্বাচনের পরেও দেশের ভবিষ্যৎ গঠনে একযোগে কাজ করতে প্রস্তুত।
আলোচনায় নির্বাচন ছাড়াও সংস্কার, বিচারের অগ্রগতি, এবং ‘জুলাই সনদ’ নিয়েও কথা হয়। বিএনপি পক্ষ থেকে জানানো হয়, সংস্কার চলমান প্রক্রিয়া— যা নির্বাচনের আগে ও পরে ধাপে ধাপে বাস্তবায়ন হবে।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আলাপ হয়নি বলে জানানো হয়। তিনি চাইলে যে কোনো সময় নিজ সিদ্ধান্তে ফিরতে পারেন বলে মন্তব্য করেন আমীর খসরু।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিএনপির আন্তর্জাতিক উপদেষ্টা হুমায়ুন কবির।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক গণতন্ত্রের পথে অগ্রগতির এক মাইলফলক হয়ে থাকবে।


























