সমাবেশে রিজভী
কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন হাসিনা
- আপডেট সময় : ০৭:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 363
কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের একটি ‘রাজনৈতিক অফিস’ খোলার খবর প্রকাশের পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, পার্শ্ববর্তী দেশে বসে শেখ হাসিনা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশকে অস্থির করার চেষ্টা করছেন।
শেখ হাসিনাকে নিয়ে রিজভীর বক্তব্য
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, “শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না। পার্শ্ববর্তী দেশে বসে যখন-তখন উল্টাপাল্টা কথা বলছেন।” তিনি আরও বলেন, বিবিসির প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র করছেন এবং তিনি দেশের অস্থিরতার ‘মাস্টারমাইন্ড’।
ভারত ও দুর্গাপূজা প্রসঙ্গে
রিজভী বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, অথচ সেখানে বাংলাভাষী মুসলিমরা থাকতে পারছে না এবং তাদের বাংলাদেশে ‘পুশইন’ করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, “তাহলে তাকে (শেখ হাসিনা) কেন পুশব্যাক করে না?”

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-জনতার উত্তাল তরঙ্গের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, কিন্তু তার ষড়যন্ত্র থামছে না। তিনি দাবি করেন, গত বছরের দুর্গাপূজায় নানা ধরনের ষড়যন্ত্র ছিল, যা বিএনপি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছে
বিএনপির অবস্থান
রিজভী আরও বলেন, নানা নিপীড়ন-নির্যাতন ও হামলা-মামলার পরেও বিএনপির কোনো নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়ে যাননি, অথচ শেখ হাসিনা পালিয়ে গেছেন।


























