আলজাজিরাকে প্রধান উপদেষ্টা
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে অপারগ মোদি
- আপডেট সময় : ১২:১৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 395
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উসকানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
রোববার প্রকাশিত ওই ভিডিও সাক্ষাৎকারে আলজাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার শেখ হাসিনাকে নিয়ে সরাসরি প্রশ্ন রাখেন ড. ইউনূসের কাছে। উত্তরে তিনি জানান, বিমসটেক সম্মেলনের ফাঁকে তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়েছিল। সেখানে তিনি মোদিকে অনুরোধ করেন শেখ হাসিনাকে যেন ‘চুপ’ রাখা হয়। তবে মোদি স্পষ্ট জানান, ভারতের মতো উন্মুক্ত সামাজিকমাধ্যমের দেশে কাউকে নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয়।
ড. ইউনূস বলেন, “আমি মোদিকে বলেছিলাম, শেখ হাসিনা যদি ভারতে থাকেন, তবে তার উচিত কথা বলা বন্ধ রাখা। কারণ তার বক্তব্য বাংলাদেশের পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে, যা আমাদের অন্তর্বর্তী সরকারের জন্য বড় সংকট তৈরি করে।”
আলজাজিরার প্রশ্নের উত্তরে ড. ইউনূস আরও বলেন, “মোদি স্পষ্ট জানিয়ে দেন, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত। তাই শেখ হাসিনা যা ইচ্ছা বললে, তিনি সেটি ঠেকাতে পারবেন না।”
সাক্ষাৎকারে আলজাজিরার সাংবাদিক উল্লেখ করেন, শেখ হাসিনা এখনো নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করছেন এবং ভারত থেকে নিয়মিত বিবৃতি দিচ্ছেন। এ বিষয়ে ড. ইউনূসের মন্তব্য ছিল, “আমরা এ বিষয়ে ভারতের সঙ্গে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছি, তবে তাদের রাজনৈতিক ও সামাজিক কাঠামোর কারণে বিষয়টি তারা নিয়ন্ত্রণে আনতে পারছে না।”
সূত্র: আল জাজিরা।

























