গণহত্যা বিচার বানচালে অর্থ ব্যয়, হাসিনা গংয়ের তথ্য প্রকাশ
- আপডেট সময় : ১২:৫৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / 189
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার বানচাল করার জন্য ক্ষমতাচ্যুত (হাসিনা গং) সরকার মোটা অঙ্কের অর্থ খরচ করেছে।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য দেন। তিনি আরও বলেন, যারা বিচার বানচালের জন্য অর্থ খরচ করছে, তাদের শনাক্ত করা হয়েছে।
এর আগে বুধবার প্রধান কৌঁসুলি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। ওই প্রতিবেদনে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক প্রমাণ ও তথ্য রয়েছে।
এমনকি হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশও তিনি দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তাজুল ইসলাম আরও জানান, খসড়া প্রতিবেদনটি প্রসিকিউশনের হাতে রয়েছে। প্রতিবেদনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যা চালানোর অসংখ্য প্রমাণ পাওয়া গেছে।
শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা ও গণহত্যার অভিযোগে গত ১৭ অক্টোবর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


























